প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ফটকের সামনে বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


