প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নটু মিত্র উপজেলার বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তার বাবার নাম হিমাংশু মিত্র।
প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনাস্থলের কাছেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, আহতদের একজন মারা গেছেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


