Homeমুল পাতাগোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

প্রাইম ভিশন ডেস্ক »

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পাশাপাশি গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালু করতে স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। থানা দুটির কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালু করা হয়েছে।

জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজে হাত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যেসব বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির বরাদ্দের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি।

এ সেবা চালু হতে সময় লাগবে বলেও জানান ইউএনও।

এদিকে ট্রেন সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি চলাচল করেন। ট্রেনে ঢাকায় যাতায়াতে সময় লাগে কম। খরচও কম। ট্রেন সেবা চালু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় লোকজনের কেউ কেউ যোগাযোগ করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে ট্রেন আবার চালু করতে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখনই ট্রেন যোগাযোগ চালু না করার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। ওই সব কর্মসূচি থেকে আবারও হামলা-ভাঙচুর হতে পারে। পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে।

তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত এসব সেবা চালু করার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়