চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে অক্টোবর মাসের সার্বিক মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়; ভুজপুর থানা ও তদন্তকেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও জানান, পুলিশের দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতাই এ অর্জন সম্ভব করেছে। ভবিষ্যতেও এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


