প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী বলেন, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ একজনের ঘুম ভেঙে যায়। তিনি জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পেয়ে বাইরে তাকালে নিচে আগুন জ্বলতে দেখতে পান। পরে তিনি চিৎকার করে অন্যদের সতর্ক করেন।
তিনি বলেন, তার চিৎকারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকার লোকজন দ্রুত নিচে নেমে আসেন। পরে ব্যাংকের এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ আবাসিক এলাকার প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ব্যাংকের আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাতকানিয়া এনএসআই ইনচার্জের সঙ্গেও ফোনে কথা হয়েছে। এ ছাড়া সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, এখনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কিছু একটা দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


