Homeএই মুহুর্তেচট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজ  রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন। সভায় পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার উপপরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধি, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও) এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসক জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে খাল খনন প্রকল্পের উত্তোলিত মাটির সঠিক ব্যবস্থাপনা (ইটভাটায় ব্যবহার ও সড়কের ঢাল সংরক্ষণ) নিশ্চিতকরণ, আসন্ন ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে সামনে রেখে ক্লাস্টারভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি জোরদার এবং জরাজীর্ণ বিদ্যালয় ভবনসমূহ দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি, সকল ইউনিয়নে শতভাগ স্বচ্ছতার সাথে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন, এতিম শিশুদের সহায়তাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম গতিশীল করা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি ও বেসরকারি ভবনে টেকসই সোলার প্যানেল স্থাপন ও এ সংক্রান্ত সরকারি প্রণোদনার ব্যাপক প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং জনজীবনে এর দৃশ্যমান ইতিবাচক প্রভাব নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সুদূরপ্রসারী পরিকল্পনা, রাষ্ট্রের প্রতি গভীর আন্তরিকতা, দেশপ্রেম এবং সর্বোচ্চ মেধা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের কাছে প্রশাসনের কোনো দায়বদ্ধতা অপূর্ণ না থাকে। পরিশেষে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়