Homeমুল পাতাচট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি, প্রোগ্রামারসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি, প্রোগ্রামারসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

 এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয় বলে জানান পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

 গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) ও প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।
তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন। 

সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে সিআইডি।
 

থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর তিনজনকে পাঁচলাইশ থানা হাজতে রাখা হয়। এদিকে তৃতীয় আসামি মো. আবদুল মালেকের আগে থেকেই হৃদ্রোগের সমস্যা রয়েছে। তার স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় আসেন।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল।

মামলার এজাহারে বলা হয়েছে, শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩-কে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-কে ৮২ করা হয়। গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয়।

এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলেও তাতে নানা অসঙ্গতি থাকায় আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেননি। ফলে ওই মামলার তদন্ত নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

ওসি মোজাম্মেল হক বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়