প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী ফারাজ লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
তিনি মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি।
জানা যায়, চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই ফারাজের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। অন্যজন গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অপরজনকে স্থানীয়রাই চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।


