প্রাইম ভিশন ডেস্ক »
এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদেশে অর্থ বিনিয়োগ, স্থানান্তরের অভিযোগ বিষয়ে অনুসন্ধানে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী সংসদ নির্বাচনের পর এই তারিখ পড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের আবেদন শুনানির পর এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।
একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করা হয়। সেই পর্যন্ত এই স্থিতাবস্থা থাকবে বলে জানিয়েছেন এস আলম গ্রুপের আইনজীবীরা। এর ফলে এই অনুসন্ধানও সেই পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তারা।
তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মোহাম্মদ সাইফুল আলমের করা আবেদন অনুযায়ী গণমাধ্যমে এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশের নিষেধাজ্ঞার বিষয়ে বিচারক কোনো মন্তব্য করেননি।
আদালতে এস আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।


