প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের আকাশে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে রোদ, কোথাও মেঘের কোনো চিহ্ন নেই। তারপরও দিনে-দুপুরে নগরের জিইসি মোড় এলাকার সড়কে হঠাৎ অনেক পানি দেখা গেছে। প্রায় হাঁটু সমান এ পানি মংলা ও দুর্গন্ধযুক্ত। ময়লা পানির ওপর দিয়ে চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে পথচারীদের। দিনে দুপুরের তপ্ত রোদেও সড়কে পানি দেখতে পেয়ে বিস্ময় প্রকাশ করেন অনেকেই।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বৃষ্টি হলেই নগরের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যাবে এটিই ছিল গত কয়েকবছর ধরে স্বাভাবিক ঘটনা। তবে গত কয়েকদিনে চট্টগ্রামে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। এছাড়া ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগও হয়নি। তারপরও নগরের সড়কে এমন পানি ওঠা দুঃখজনক। নগরের সেবাপ্রদানকারী সংস্থাগুলোই এর জন্য দায়ী।
তৌহিদুল ইসলান তুহিন নামে একজন বলেন, পানি মনে হয় নালা থেকে এসেছে। কালচে রঙের এই পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে আমাদের নাক চেপে ওই এলাকা দিয়ে আসতে হয়েছে।
শনিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, নগরের গরীবুল্লাহ শাহ থেকে ২ নম্বর গেটগামী সড়কটি জিইসি মোড় এলাকায় পানিতে তলিয়ে গেছে। সড়কটির কোথাও হাঁটু সমান পানি দেখা যায়। এছাড়া জিইসি মোড় থেকে পানি এমইএস কলেজ রোডে ছড়িয়ে পড়ে।
এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, জিইসির মোড়ে রাস্তায় নালার ময়লা পানি, সময় বিকেল ৩টা ৪০ মিনিট। দিনের বেলায়। কে দায়ী? চসিক কি উত্তর দেবে?
জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেম বলেন, নালার হয়তো কোথাও ব্লক হয়েছে। আমরা চেষ্টা করছি। এখনো ব্লক কোথায় হয়েছে শনাক্ত করা যায়নি।


