Homeএই মুহুর্তেহাসিনার ফেরার আলোচনা: কোনো কর্মকর্তা ডিসেম্বরের অপেক্ষায় কি না জানতে চান মন্ত্রিপরিষদ...

হাসিনার ফেরার আলোচনা: কোনো কর্মকর্তা ডিসেম্বরের অপেক্ষায় কি না জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

প্রাইম ভিশন ডেস্ক »

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রশ্ন তুলেছেন, বর্তমান প্রশাসনের কেউ কাজে গতি না ফিরিয়ে এই মাসটির জন্য অপেক্ষা করছেন কি না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এ বিষয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণির সভাপতি অনুষ্ঠিত সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনের করণীয় নিয়েও আলোচনা হয়েছে। সকালে দিনের কর্মসূচি শুরু হওয়ার পরে নোটিশ দিয়ে দুপুরে এই সভা ডাকা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দার নোটিশটি পাঠান।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, সভায় মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এসব প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট সারসংক্ষেপ বা সামারিও দ্রুত পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজে গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ডিসেম্বরের জন্য কেউ অপেক্ষা করছেন কি না, সে প্রশ্নও তোলা হয়। প্রশাসনের কোনো পর্যায়ে কাজের গতি কমিয়ে রাখার প্রবণতা রয়েছে কি না, সে বিষয়েও আলোচনা হয় বলে সভা সূত্রে জানা গেছে।

সভায় প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানো এবং মন্ত্রণালয়গুলোর প্রস্তাব দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একইসঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে সরকার। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং ইতিমধ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে।

ওই সচিব বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে সরকারের কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরে তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।

সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কী সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বেলা আড়াইটায় শুরু হয়ে সভা চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন।

আগামী মাসে হাসিনার ভারত থেকে দেশে ঘোষণা দেওয়ার কারণে নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি হওয়ার প্রেক্ষাপটেই সভায় ডিসেম্বরের প্রসঙ্গটি উঠে এসেছে।

২০২৪ সালের আগস্টে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে মৃত্যুদণ্ড দেয়।

চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর থেকেই বিষয়টি রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

৯ নভেম্বর হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে ভারত থেকে তার ফেরার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) চাইলে তার ডিসেম্বরে ফেরার আলোচনা আবারও আলোচনায় আসে।

এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকার হাসিনাকে দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে? আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, তার আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে। আবেদনটি সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কি না এবং আইনগতভাবে হাসিনা আবেদন করার সুযোগ আছে কি না, সেটিও তারা খতিয়ে দেখছেন।

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতে চিঠি দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়