প্রাইম ভিশন ডেস্ক »
১৫ বছর নানা রকম অনিয়ম ও দুর্নীতির পর অবশেষে চট্টগ্রাম ওয়াসার এমডি পদ থেকে অপসারণ করা হলো প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমডিকে অপসারণের বিষয়টি জানানো হয়।
পাশাপাশি চট্টগ্রাম ওয়াসার নিয়মিত কাজ পরিচালনার সুবিধার্থে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ ক-এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক পদ থেকে অপসারণ করা হলো।
এ কে এম ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন ২০০০ সালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর আরো এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হয়।
ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয়। তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। সেই থেকেই এমডি পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ৩ বছরের জন্য এমডি পদে নিয়োগ পান তিনি।


