Homeমুল পাতা২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘মগিং’, অর্থ কী?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘মগিং’, অর্থ কী?

প্রাইম ভিশন ডেস্ক »

কাউকে বা কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া কিংবা তার চেয়ে বেশি নজর কাড়ার অর্থ বোঝাতে ব্যবহৃত ‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে কলিন্স ইংলিশ ডিকশনারি। জেন-জি ও জেন-আলফা প্রজন্মের মধ্যে মজার ছলে ব্যবহৃত এই ইন্টারনেট স্ল্যাংয়ের প্রচলন এ বছর বেড়েছে ২১০ শতাংশ।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলিন্স জানায়, ‘রিজ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় শব্দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বর্ষসেরা শব্দের খেতাব জিতেছে ‘মগিং’।

তবে শব্দটি একেবারে নতুন নয়। কলিন্সের প্রকাশিত একটি ব্লগে বলা হয়েছে, প্রায় এক দশক ধরে শব্দটি প্রচলিত রয়েছে। এ সময়ে এর অর্থ ও ব্যবহারেও পরিবর্তন এসেছে।

ধারণা করা হয়, ‘মগিং’ শব্দটির উৎপত্তি ‘এএমওজি’ (AMOG) সংক্ষিপ্ত রূপ থেকে। এর অর্থ ‘আলফা মেল অব দ্য গ্রুপ’—অর্থাৎ কোনো দলের সবচেয়ে প্রভাবশালী পুরুষ। কলিন্সের ব্লগ অনুযায়ী, শুরুতে বডিবিল্ডিং সংস্কৃতিতে শব্দটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হতো। জিমে সবচেয়ে শক্তিশালী ও শারীরিকভাবে প্রভাবশালী পুরুষকে বোঝাতে এটি বলা হতো। পরে শব্দটি ক্রিয়াপদে রূপ নেয় এবং কিছু সময়ের জন্য পুরুষকেন্দ্রিক অনলাইন পরিসর ‘ম্যানোস্ফিয়ারেও’ ব্যবহৃত হয়।

গত ১২ মাসে শব্দটির অর্থে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন কাউকে বা কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া কিংবা তুলনায় ম্লান করে দেওয়ার ঘটনাকে ‘মগিং’ বলা হচ্ছে।

ধরা যাক, কোনো নৈশভোজের অনুষ্ঠানে নিজের তৈরি কাপকেক নিয়ে আপনি বেশ গর্বিত। কিন্তু সেখানে গিয়ে দেখলেন, আপনার বন্ধু তিন স্তরের অসাধারণ একটি কেক নিয়ে হাজির হয়েছেন। সে ক্ষেত্রে বলা যায়, আপনি ‘মগড’ হয়েছেন। অর্থাৎ আপনার আয়োজনটি বন্ধুর আয়োজনের কাছে ম্লান হয়ে গেছে।

একইভাবে, পুরোনো দোকান থেকে কেনা পোশাক পরে নিজেকে বেশ ফ্যাশনেবল মনে হচ্ছিল। কিন্তু পাতালরেলে গিয়ে দেখলেন, পাশের যাত্রীর অনায়াস স্টাইলের ডিজাইনার পোশাক আপনার পোশাককে ম্লান করে দিয়েছে। এটিও ‘মগিং’-এর উদাহরণ।

কলিন্সের অভিধানবিদেরা প্রতিবছর ২৭ বিলিয়ন শব্দের ব্যবহার পর্যবেক্ষণ করেন। শুধু কোনো শব্দ কতবার ব্যবহৃত হচ্ছে, তা-ই নয়; শব্দটি কীভাবে এবং কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হচ্ছে, সেটিও বিশ্লেষণ করেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট।

তিনি বলেন, ‘মগিং’কে কলিন্সের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন দেখায়, কীভাবে প্রতিটি প্রজন্ম ভাষায় নিজেদের ছাপ রেখে যায়।

তিনি আরও বলেন, ‘এটি একটি চমৎকার উদাহরণ, যেখানে জেন-জি ও জেন-আলফা প্রজন্ম একটি শব্দকে নিজেদের মতো করে গ্রহণ করেছে এবং মজার স্ল্যাংয়ে রূপ দিয়েছে। এভাবেই তারা ভাষাকে নিজেদের করে নিচ্ছে এবং আমাদের বাকিদেরও ‘মগিং’ করছে।’

বর্ষসেরা শব্দের দৌড়ে ছিল আরও যেসব শব্দ

প্রতি বছরের মতো এবারও সংক্ষিপ্ত তালিকায় থাকা অনেক শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃতি ও সাম্প্রতিক ঘটনাবলির প্রভাবে।

‘ফায়ারওয়েভ’ বলতে দীর্ঘ সময় ধরে গরম ও শুষ্ক আবহাওয়ার পর কোনো শহর বা নগরে অল্প সময়ের মধ্যে একাধিক দাবানল ছড়িয়ে পড়ার পরিস্থিতিকে বোঝায়।

অন্যদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপের সময় ‘হাইড্রেশন ব্রেক’ শব্দবন্ধটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। ফুটবল ম্যাচের মধ্যে খেলোয়াড়দের পানি পান করার জন্য বিরতি দেওয়া হতো। আয়োজকদের ভাষ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার প্রচণ্ড গরমে খেলোয়াড়দের শরীরের পানিশূন্যতা ঠেকাতেই এ বিরতির ব্যবস্থা করা হয়েছিল। তবে দর্শকদের একাংশের অভিযোগ ছিল, এটি আসলে বিজ্ঞাপন প্রচারের বিরতি।

এ বছর ব্রিটিশ রাজনীতিও শব্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ‘ম্যানচেস্টারিজম’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামের প্রস্তাবিত একটি রাজনৈতিক দর্শন। এতে আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামাজিক অগ্রগতির সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তবে এ বছর বার্নহাম নিজেও কিছুটা ‘মগিং’ করেছেন। সাবেক লেবার নেতা কিয়ার স্টারমারকে শীর্ষ পদ থেকে সরিয়ে নিজেই সেই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন।

সূত্র: সিএনএন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়