প্রাইম ভিশন ডেস্ক »
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ও ব্যয়বহুল সিনেম্যাটিক মাস্টারপিস হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের উপস্থিতি নিয়ে তৈরি এই সিনেমাকে ঘিরে শুধু সিনেমাপ্রেমী নয়, বরং পুরো বিশ্বজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা।
বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই বিশ্বজুড়ে এটি আয় করতে পারে ৭৫ থেকে ১০০ কোটি রুপি। আর দর্শকদের মনে এই সিনেমা সঠিকভাবে জায়গা করে নিতে পারলে এর আজীবন আয় ছাড়িয়ে যেতে পারে ১,০০০ থেকে ৩,০০০ কোটি রুপির গণ্ডি।
চলচ্চিত্র প্রদর্শক বিষেক চৌহানের মতে, ‘রামায়ণ’-কে সাধারণ কোনো কমার্শিয়াল সিনেমার সমীকরণে ফেলা যাবে না। এটি মূলত ভারতের কোটি কোটি মানুষের বিশ্বাস ও ধর্মীয় আবেগের সাথে যুক্ত।
তিনি জানান, যদি সাধারণ ভক্তদের সাথে সিনেমাটি কানেক্ট করে ফেলে, তবে ‘বাহুবলী’ বা ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবস্টার সিনেমার রেকর্ড ভেঙে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠবে।
সিনেমাতে প্রভু রামের ভূমিকায় রণবীর কাপুর, দেবী সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন রকস্টার যশ। সিনেমাটির সুরারোপ করেছেন বিশ্বখ্যাত এ আর রহমান এবং অস্কারজয়ী মিউজিক কম্পোজার হ্যান্স জিমার। সঙ্গে রয়েছে অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজির চোখধাঁধানো সব গ্রাফিক্স।
দীপাবলি ও ধনতেরাসের ছুটিকে কেন্দ্র করে মুক্তি পাওয়া এই ছবির অ্যাডভান্স বুকিং ইতোমধ্যেই আকাশ ছুঁয়েছে। বিভিন্ন মাল্টিপ্লেক্সে আইম্যাক্স ৩ডি টিকিট বিক্রি হচ্ছে রেকর্ড দামে।
এমনকি দক্ষিণ ভারতের বাজারে কিছুটা আঞ্চলিক প্রতিযোগিতা থাকলেও কর্ণাটক ও অন্যান্য রাজ্যে সিনেমাটির চাহিদা প্রবল।
হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষার এই প্যান-ইন্ডিয়ান ধামাকা সিনেমাটি শেষ পর্যন্ত বক্স অফিসের সব অতীত রেকর্ড দুমড়ে-মুচড়ে নতুন ইতিহাস গড়ে কি না, সেদিকেই এখন নজর সমস্ত সিনেমা বিশেষজ্ঞদের।


