প্রাইম ভিশন ডেস্ক »
শরীয়তপুরের জাজিরায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পদ্মা সেতু মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যাম্পে রাখা কয়েকটি মোটরসাইকেলও।
আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সেতুর টোল প্লাজা থেকে প্রায় ৫০০ মিটার আগে ঘটে এসব ঘটনা।
এতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা গোলচত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের তাণ্ডবের কারণে যান চলাচল বন্ধ থাকে প্রায় ৪৫ মিনিট।
পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। সড়কে চালু হয় যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা আগের দিন রাত থেকেই নাওডোবা গোলচত্বরসংলগ্ন মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। সেখানে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে একটি ক্যাম্প স্থাপন করা হয়। রাতভর ওই ক্যাম্পে অবস্থান করেন দলটির নেতাকর্মীরা।
অন্যদিকে রবিবার ভোরে জাজিরার বিকেনগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাওডোবা গোলচত্বরের দিকে আসেন। সেখানে পৌঁছে তারা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটান। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পদ্মা সেতু মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
এ সময় সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা অস্থায়ী ক্যাম্প ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে বিক্ষোভকারীরা ক্যাম্পে হামলা চালিয়ে প্যান্ডেল ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। সেখানে রাখা কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
অবরোধের কারণে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ও সংযোগ সড়কের বিভিন্ন স্থানে আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। হঠাৎ অবরোধ ও ককটেল বিস্ফোরণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাদের তৎপরতায় প্রায় ৪৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুনরায় শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানিয়েছেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন আশঙ্কায় পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্তসংখ্যক সদস্যও মোতায়েন ছিল। তবে রবিবার সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের প্রতিহত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


