প্রাইম ভিশন ডেস্ক »
বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। ৪০০ বেশি যাত্রী ছিলেন দুই ফ্লাইটে।
বৃহস্পতিবার রাতে ফ্লাইট দুটির যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। ইঞ্জিনে আটকে যাওয়া পাখি বের করার চেষ্টা করছেন প্রকৌশলীরা।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, ফ্লাই দুবাই এয়ারওয়েজের ত্রুটি সারানোর জন্য সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে একটি প্রকৌশলী টিম চট্টগ্রামে এসেছেন। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। অন্যদিকে বাংলাদেশ বিমানের ত্রুটি সারানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দুটি ফ্লাইটের ত্রুটি সারানোর পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এর আগে বৃহস্পতিবার রাতে দুটি ফ্লাইটের উড্ডয়নের আগে ইঞ্জিনে পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টা করেও ত্রুটি সারাতে সক্ষম না হওয়ায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়। বিমান দুটিতে ৪৩৪ যাত্রী ছিলেন।


