প্রাইম ভিশন ডেস্ক »
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে অবস্থান নিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি তাদের। এই দাবিতে তারা তিন মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে চারুকলায় সশরীরে শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের চারুকলা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ভবন সংস্কারের কথা বলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটের নিষেধাজ্ঞার কারণে তারা এখন মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত মূল ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি চালু রাখবেন৷
বেলা সাড়ে এগারোটায় শহীদ মিনারের সামনে গিয়ে দেখা যায়, চারুকলার অর্ধশতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান পালন করছেন৷
ইনস্টিটিউটের শিক্ষার্থী তাওহীদ এলাহী বলেন, ‘প্রশাসন তল্লাশির নামে পুলিশ নিয়ে আমাদের ভয় দেখাতে এসেছিলেন। পরদিনই আবার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন। তাই আমরা মূল ক্যাম্পাসেই আন্দোলন চালু রাখছি।’
আরেক শিক্ষার্থী শিহাব শাহরিয়ার বলেন,‘ আন্দোলন বন্ধ করতেই ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তাই আমরা এখন মূল ক্যাম্পাসেই আন্দোলন করে যাবো।’
এর আগে গত ১ ফেব্রুয়ারি আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন চারুকলার শিক্ষার্থীরা৷ ওইদিন ২ ফেব্রুয়ারির মধ্যে ইনস্টিটিউটের শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না বসে তাহলে রোববার থেকে আমরণ অনশনে করার ঘোষণা দিয়েছিলেন তারা৷ তবে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করায় আমরণ অনশনের আন্দোলন স্থগিত রেখেছেন বলে জানান শিক্ষার্থীরা। কিছুদিন সময় নিয়ে অনশন শুরু করবেন বলেও জানান তারা।


