প্রাইম ভিশন ডেস্ক »
রোববার ‘ঘরে খাবার নেই, ট্রাক থেকে চাল কুড়িয়ে নিলেন বৃদ্ধা’ শিরোনামে এই গীতা বিশ্বাসের একটি খবর প্রকাশিত হয়। হৃদয়বিদারক এই খবর মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ সংবাদ দৃষ্টিগোচর হতেই সোমবার গীতা বিশ্বাসের বাড়িতে হাজির হয়েছে জেলা প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত তার হাতে তুলে দেন চাল, ডাল, তেল, আলু লবণসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে গীতা বিশ্বাসকে ২০ কেজি চাল, ১০ কেজি ডাল, ১০ লিটার তেল, ৪ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, সাবান, শ্যাম্পু সহ প্রায় ২ মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
সেইসঙ্গে স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরও ১৫ দিন পরপর চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি গীতা বিশ্বাসের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
জানা যায়, গীতা বিশ্বাস ও স্বামী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি মীরসরাই উপজেলার শ্রীপুর গ্রামে। এখন থাকেন চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী এলাকার মিয়া বাড়ির নীচতলার একটি ঘরে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, আমি জেলা প্রশাসকের নির্দেশে এখানে এসেছি। পত্রিকার খবরটি আমাদের চোখ এড়িয়ে গেলেও চট্টগ্রামের অভিভাবক আমাদের জেলা প্রশাসক ঠিকই খেয়াল করেছেন। তিনি ইতোমধ্যে মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই ভদ্র মহিলার বিষয়টি মানবিকভাবে দেখার জন্য নির্দেশনা দিয়েছেন।তিনি আরও বলেন, তাকে বয়স্ক ভাতার কার্ড বা ওএমএস এর কার্ড করে দেওয়া যায় কিনা সেটি ইউএনও স্যার দেখবেন।


