প্রাইম ভিশন ডেস্ক »
আজ সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চট্টগ্রাম ৮ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ তাঁর প্রার্থীতাপত্র বিভাগীয় নির্বাচন কমিশনারের কাছে দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের শেখ আতাউর রহমান আতা।
দলীয় মনোয়ন পেয়ে প্রার্থী পদে ফরম দাখিল করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নোমান আল মাহমুদ বলেন, আমার দুই পূর্বসূরী মঈনুদ্দীন খান বাদল ও প্রয়াত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এম.পি কালুরঘাট সেতু বাস্তবায়নে যে স্বপ্ন দেখেছিলেন তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া আমার রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
আমার সকল স্তরের নেতাকর্মীরা যদি সহযোগিতা প্রদান করেন এবং আমি যদি নির্বাচিত হই তা বাস্তবায়নে সচেষ্ট হবো। এই অঙ্গীকার পালনে আমি অবশ্যই আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। এছাড়াও স্থানীয় যে সমস্যা রয়েছে তা সমাধানে সকলের সহযোগিতায় আমি সচেষ্ট হবো।
আমি আশা করি চট্টগ্রাম-০৮ আসনের উপনির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী যারা ছিলেন তাদেরও যথেষ্ট যোগ্যতা ছিল তারা মনোনয়ন না পেলেও আমাকে সহযোগিতা করবেন। কারণ আমরা দলের এক এবং অভিন্ন শক্তি। আমাদের একমাত্র লক্ষ্য ও অর্জন হবে নৌকার বিজয় সুনিশ্চিত করা। যার প্রভাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করবে।


