প্রাইম ভিশন ডেস্ক »
সিঙ্গাপুরে গাঁজা পাচারের অভিযোগে তাঙ্গারাজু সুপিয়াহ নামে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) ভোরে চাঙ্গি কারাগারে ৪৬ বছর বয়সী তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর বিবিসির।
দুর্বল তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে অধিকারকর্মীরা দাবি করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই যথাযথ প্রক্রিয়া মেনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
কারাগার থেকে পরিবারের হাতে একটি মৃত্যু সনদ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঙ্গারাজুর বোন লীলাবতী সুপিয়াহ।
সিঙ্গাপুরে সবচেয়ে কঠিন মাদকবিরোধী আইন রয়েছে। মাদককাণ্ডে গত বছর একজন বুদ্ধিপ্রতিবন্ধীসহ ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার। ওই ঘটনায় সে সময় সমালোচনার ঝড় ওঠে। এরপর আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
সেন্ট্রাল নারকোটিকস ব্যুরোর (সিএনবি) বিবৃতি অনুসারে, এক কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকায় ২০১৮ সালে তাঙ্গারাজুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে তার আপিল খারিজ করে দেন আদালত। রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনও ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা তার ক্ষমার জন্য জনসমক্ষে আবেদন করেছিলেন।
তাঙ্গারাজুকে শেষ মুহূর্তে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়ে কয়েক দিন আগে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে একটি চিঠি পাঠিয়েছিল পরিবার ও অধিকারকর্মীরা। তবে ২০১৮ সালের আইন অনুযায়ী শেষ মুহূর্তের আপিল প্রত্যাখ্যান করেন সিঙ্গাপুরের আদালত। এর আগে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন এই মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মামলার পর্যালোচনার আহ্বান জানিয়েছিলেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


