প্রাইম ভিশন ডেস্ক »
মিরসরাইয়ে মুহুরী প্রজেক্ট এলাকায় শেখ ফরিদ নামে এক ব্যবসায়ীকে বাড়ি যাওয়ার পথে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কের কাজী রহমান সড়কের মুখে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় আজমপুর বাজারে শেখ ফরিদের শেখ ফরিদ মৎস্য প্রকল্প নামে একটি খাদ্যের দোকান আছে। তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই বারের সাবেক মেম্বার ছিলেন। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তার পেটের নিচে ডান পাশে গুলি লেগেছে।
আহত শেখ ফরিদ জানান, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরিহিত ২ জন দূর্র্বৃত্ত বাজারের পর থেকে আমাকে অনুসরণ করে। একপর্যায়ে আমাদের বাড়ীতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেল স্লো করলে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে টাকাসহ আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। এসময় তারা আমার সঙ্গে থাকা খাদ্য বিক্রির ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুইজনকে আসামি করে লিখিত একটি অভিযোগ দিয়েছি।
শেখ ফরিদের ছোট ভাই রবিউল হোসেন জানান, দূর্বৃত্তরা আমার ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে মুহুরী প্রকল্প এলাকার দিকে পালিয়ে যায়। ঘটনার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


