প্রাইম ভিশন ডেস্ক »
গলায় লিচুর বিচি আটকে রাজধানীর হাজারীবাগে অনিক হোসেন নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় দ্রুত শিশু অনিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শিশু অনিকের মা পারভিন আক্তার জানান, একটি বেসরকারি ক্লিনিকে আয়া পদে কর্মরত রয়েছেন তিনি। পাঁচ-ছয় বছর আগে স্বামী ছেড়ে চলে গেছেন। একমাত্র সন্তান অনিক প্রতিবন্ধী ছিল। বর্তমানে তারা হাজারীবাগ পুরান থানা রোডের ইয়াসিনের বাড়ির ভাড়াটিয়া। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মাইজদী গ্রামে।
পারভিন আক্তার বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমি কাজে বের হই। এরপর আমার মা আমাকে মোবাইল ফোনে জানায়- ফ্রিজ থেকে একটি লিচু পড়ে যায় এবং সেটি খোসাসহ অনিক গিলে ফেলেছে। সেটি তার গলায় আটকে গেছে। পরে আমি দ্রুত এসে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি হাজারীবাগ থানাকেও জানানো হয়েছে।


