প্রাইম ভিশন ডেস্ক »
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নেই। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ করার কোনো প্রশ্নই ওঠে না।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচনকালীন সরকার কখন গঠন হতে পারে- এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের আকার কী হবে সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনিই এটি ঠিক করবেন।
বিএনপি অভিযোগ করছে ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধীদের ওপর লেলিয়ে দিচ্ছে’ এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করছে বিধায় আমরা জঙ্গি দমন করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইনশৃঙ্খলা বাহিনী অগ্নিসন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিধায় তারা অগ্নিসন্ত্রাস করতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, তারা শুধু সন্ত্রাসী-অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহৃত হচ্ছে না।’
বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রশ্নই আসে না। আমরা মনে করি বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য- এ নিয়ে সংলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, প্রশ্নই ওঠে না।


