প্রাইম ভিশন ডেস্ক »
ব্যবহারই বংশের পরিচয়। এ কথা অক্ষরে অক্ষরে পালন করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাই তো বিমানবন্দরে বয়স্ক অনুরাগীদের দেখেই এগিয়ে গেলেন তাদের দিকে। একেবারে বাড়ির মেয়ের মতো কথা বললেন। তুললেন ছবি।
তারকাদের অনেককেই ফ্যাশনেবল পোশাকে বিমানবন্দরে দেখা যায়। শ্রদ্ধা তেমন নন। সাধারণ চুড়িদার পরেই সেখানে গিয়েছিলেন তিনি। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য ভিড় করেছিলেন। সেদিকে না তাকিয়েই এগিয়ে যাচ্ছিলেন। আচমকা পেছন ফিরে তাকান। বোঝা যায় কেউ ডাকছিলেন অভিনেত্রীকে।
পেছন ফিরে তাকিয়েই শ্রদ্ধা বুঝতে পারেন কিছু বয়স্ক ভক্ত ডাকছেন তাকে। ফিরে যান তাদের কাছে। হাত ধরে একেবারে বাড়ির মেয়ের মতো কথা বলতে থাকেন। আবদার মিটিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর ধৈর্য ধরে তাদের কথা শোনেন আর বিমান ধরার জন্য এগিয়ে যান।
শ্রদ্ধার এই মিষ্টি ব্যবহারেই মুগ্ধ নেটিজেনরা। কেউ লেখেন, এই তো পরিবারের দেওয়া সুশিক্ষা। কেউ আবার লেখেন, সত্যিই শ্রদ্ধা খুব ভালো একজন মানুষ। অনেকে তাকে সত্যিকারের সুপারস্টারও বলেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা। নিজের কাজের জন্য পেয়েছিলেন প্রশংসা। আগামীতে ‘স্ত্রী-টু’ ছবিতে দেখা যাবে তাকে।


