প্রাইম ভিশন ডেস্ক »
ভারতের জয়পুর-মুম্বাই ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে এক সহকর্মী ও তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চেতন সিংহকে আটক করেছে পুলিশ।
জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস (১২৯৫৬) সোমবার শেষ রাতের দিকে মহারাষ্ট্রের পালঘর স্টেশনে পৌঁছার পর হতাহতে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত চেতন সিংহ প্রথমে নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) টিকা রাম মীনাকে গুলি করেন। তারপর পরের বগিতে গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করেন। চারজনই ঘটনাস্থলে মারা যান। নিহত যাত্রীদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
চেতন সিংহ ও টিকা রাম মীনা ভারতের রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফের) সদস্য। চেতন সিংহ কনস্টেবল। টিকা রাম মীনা এএসআই।
মুম্বাইগামী ওই ট্রেনে গুলি করার পর দহিসার স্টেশনের কাছে চেন টেনে রেল থেকে নেমে যান চেতন সিংহ। পরে আরপিএফ ও স্থানীয় পুলিশ মিরা রোড থেকে তাকে গ্রেপ্তার করে।
গোলাগুলির কারণ এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


