প্রাইম ভিশন ডেস্ক »
তাহলে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আর সানিয়া মির্জার স্বামী নন! ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্লের সঙ্গে তাহলে বিচ্ছেদই হয়ে গেছে তার? ফের এই গুঞ্জন মাথা চাড়া দিয়েছে আর সেটা যৌক্তিক কারণেই।
শোয়েব মালিকের ইনস্টাগ্রামের বায়োতে বড় বড় করে লেখা থাকত, ‘হাজব্যান্ড অফ এ সুপারওম্যান সানিয়া মির্জা।’ কিন্তু এখন আর শোয়েবের বায়োতে সেটা নেই।
শোয়েব ও সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছে গত বছর থেকে। দুজনকে অনেকদিন একসঙ্গে দেখা যায় না। শোয়েব ছেলের সঙ্গে দুবাইয়ে গিয়ে সময় কাটান। সেই সব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে সানিয়ার দেখা মেলে না।
আবার সানিয়ার অবসর, জন্মদিনের পার্টি বা যে কোনো অনুষ্ঠানে এখন আর সামিল হতে দেখা যায় না শোয়েবকে।
সানিয়া বা শোয়েব তাদের সম্পর্ক নিয়ে কখনো মুখ না খুললেও গুঞ্জন থামেনি। সম্প্রতি শোয়েবের ইনস্টা বায়ো বদল বিয়ে ভেঙে যাওয়ার গুঞ্জনে ঘি ঢেলেছে।
শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে শুধু সানিয়ার নামটিই নেই। সেই জায়গায় লেখা ‘লিভ আনব্রোকেন’। বাকি যা ছিল সব আগের মতোই। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে।
২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। ভারত ও পাকিস্তানের বৈরী রাজনৈতিক সম্পর্কের মাঝেও তাদের বিয়ে আলোড়ন তুলেছিল। বিয়ের আট বছর পর সানিয়া-শোয়েবের পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের জন্ম হয়।


