প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৬ আগস্ট ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
আমীর খসরু বলেন, ‘উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের দায়ভার বহন করতে হবে।’
এর আগে মঙ্গলবার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার জ্বর কমেছে। তবে শারীরিক অবস্থা আগের মতোই। অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। তার ফুসফুসে পানি জমেছে। শ্বাসকষ্ট আছে। স্বাস্থ্যের অবনতি হয়েছে।
এদিকে এরই মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত ৯ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী লিভারের সমস্যা ছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে তার সঙ্গে আছেন গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা। মাসুদ নামের নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে খাবার নিয়মিত হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে।


