প্রাইম ভিশন ডেস্ক »
বঙ্গোপসাগরে লঘু চাপের সৃষ্টি হয়েছে। লঘু চাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর সঙ্গে মিলে ক’দিন পর বৃষ্টি ঝরাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে লঘু চাপের কারণে আবহাওয়া অধিদপ্তর দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।
লঘু চাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


