প্রাইম ভিশন ডেস্ক »
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ১০ আগস্ট মুক্তি পেয়েছে ‘মেড ইন হেভেন’ সিরিজের দ্বিতীয় পর্ব। সিরিজটি ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এতে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আধিরা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি তিনি বিশ্বব্যাপী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হওয়া নারীদের উৎসর্গ করেছেন।
ম্রুণাল ঠাকুর বলেন, ‘ইতোমধ্যে আমার চরিত্রটি ওটিটিতে প্রকাশিত হয়েছে। সিরিজটি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন, কতটা যুদ্ধ করে সমাজের বঞ্চিত নারীদের পৃথিবীর বুকে বেঁচে থাকতে হয়। আমি বাস্তব জীবনে এমন অভিজ্ঞতার সম্মুখীন না হলেও চরিত্রটি করতে গিয়ে বঞ্চিত নারীদের সংগ্রাম ও কষ্টের অনুভূতিগুলো উপলব্ধি করেছি। আমি আমার আধিরা চরিত্রটি সেসব নারীকে উৎসর্গ করেছি যারা প্রতিনিয়ত সমাজ ও পরিবারে নির্যাতনের শিকার হয়ে থাকেন। কিন্তু কখনও বলতে পারেন না।’
ভিন্ন ঘরানার এ ওয়েডিং ড্রামা সিরিজের প্রথম সিজন মুক্তি পায় ২০১৯ সালে। দীর্ঘ চার বছর পর মুক্তি পায় মেড ইন হেভেন সিরিজের নতুন সিজন। একঝাঁক তারকা নিয়ে নির্মিত মেড ইন হেভেনের প্রথম সিরিজ আন্তর্জাতিক বাজারেও বেশ সাড়া ফেলেছিল। ভারতের ইতিহাসে প্রথম কোনো ওয়েব সিরিজ সে বছর এমি অ্যাওয়ার্ডে নমিনেশন পায়। এবারের পর্বেও দর্শকের জন্য বেশকিছু সারপ্রাইজ ছিল।
যার মধ্যে আলোচনায় এসেছে ‘ফ্রান্স ওয়েডিং’ শিরোনামের পর্বটি। এখানে দেখানো হয়েছে বলিউডের মেগাস্টার সরফরাজ খান এবং অভিনেত্রী লিলার বিয়ে নিয়ে গল্প। অনেকেরই ধারণা, এটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের চরিত্রের ওপর বানানো একটি কাল্পনিক ঘটনা। সম্প্রতি ‘মেড ইন হেভেন’ নিয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন দুই নির্মাতা জোয়া আখতার এবং রিমা কাগতি। নির্মাতারা বলছেন, এর আগের সিজনেও সরফরাজ খানের চরিত্রটি ছিল। আর সেখানে অভিনয় করেছিলেন পুলকিত সম্রাট। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছিল বলেই তারা আবার এমন এক কাহিনী ভেবেছেন, যেখানে তাকে নেওয়া যায়। এর সঙ্গে বাস্তবের কারও কোনো মিল নেই। সেটা নাকি যারা দেখছেন, একেবারেই তাদের কল্পনা।
সিরিজটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্জুন মাথুর, শোভিতা ধুলিপালা, কাল্কি কোয়েচলিন, জিম সর্ভ, শশাঙ্ক অরোরা, শিবাঙ্গী রঘুবংশী ছাড়াও অনেকে। নয় পর্বের এই সিরিজে আধিরা একটি বিশেষ চরিত্র, যেটিতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর।


