প্রাইম ভিশন ডেস্ক »
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এ নিয়ে পঞ্চমবারের মতো পুরস্কার পেলেন এই গুণী শিল্পী। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গায়িকার খেতাব অর্জন করেছেন তিনি। তবে বলিউডে আজকাল তিনি খানিকটা অনিয়মিত। সর্বশেষ তাকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় ‘তুম কেয়া মিলে’ গানে কণ্ঠ দিতে দেখা যায়।
সম্প্রতি বলিউডে অনিয়মিত হওয়ার কারণ নিয়ে মুখ খোলেন বাঙালি এই গায়িকা। তিনি বলেন, ‘আমি বলিউডে নিয়মিতই গান করছি। তবে সংগীত ইন্ডাস্ট্রির ধরন বদলে গেছে। আগে শুধু সিনেমার জন্য গান গাইতাম আমরা। আর মাঝেমধ্যে বছরে দুই একটা মিউজিক ভিডিওতে গাওয়া হতো। এখন ওটিটি চলে এসেছে। চ্যালেঞ্জও বেড়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মের সংগীতে ভিন্নতা রয়েছে। তারা তাদের কন্টেন্ট অনুযায়ী পছন্দের সংগীতের আয়োজন করেন। সেক্ষেত্রে শিল্পীদের এখন নিজেদের ভাঙার সময় এসেছে। বিভিন্ন ধরনের গান ও লিরিক্সের সঙ্গে নিজেকে মানিয়ে কাজ করতে হবে। তাহলেই টিকে থাকা সম্ভব। না হলে প্রতিযোগিতার আগেই হারিয়ে যেতে হবে। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’
এ সময় মাতৃত্বের পর কাজে ফেরার বিষয়েও কথা বলেন শ্রেয়া। তিনি বলেন, ‘২০২২ সালের ২২ মে আমি প্রথমবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করি। এরপর পরিবারকে নিয়ে ব্যস্ত সময় পার করেছি। এ বছরের শুরু থেকেই আবার কাজ শুরু করেছি। ইতোমধ্যেই বেশকিছু সিনেমায় গান গাওয়া হয়েছে আমার। সামনেও বেশকিছু সিনেমায় আমার গান গাওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্টেজ শো নিয়ে এখন ব্যস্ত সময় যাচ্ছে।’
সম্প্রতি শ্রেয়া ঘোষাল ‘গোলেমালে’ শিরোনামের একটি বাউল গানে কণ্ঠ দিয়েছেন। পূর্ণদাস বাউলের গাওয়া কালজয়ী বাউল গানটিকে নতুন আঙ্গিকে পরিবেশন করেন শ্রেয়া। বাঙালি পরিচালক আলেয়া সেন পরিচালিত সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যেই গানটি ইউটিউবে প্রশংসিত হয়েছে। সিনেমার মূল চরিত্রে দেখা গেছে জেনেলিয়া দেশমুখ ও মানব কলকে।


