Homeসংবাদনয়াপল্টনেই সমাবেশ হবে, ডিএমপির চিঠির জবাবে বিএনপি

নয়াপল্টনেই সমাবেশ হবে, ডিএমপির চিঠির জবাবে বিএনপি

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ করার বিষয়ে চিঠির পরিপ্রেক্ষিতে বিকল্প দুটি স্থানের নামসহ দলটির কাছে সাত তথ্য চেয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই চিঠির জবাব দিয়েছে বিএনপি। জবাবে ডিএমপিকে দলটি জানিয়েছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

সমাবেশের বিকল্প জায়গা খোঁজার জন্য পুলিশের চিঠির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে। এ কথা আজ লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।’

গত ২১ অক্টোবর ডিএমপি কমিশনারের কাছে নয়াপল্টনে মহাসমাবেশ করার বিষয়ে একটি চিঠি দেয় বিএনপি। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মহাসমাবেশের অনুমতি চাননি, কেবল অবহিত করা হয়েছে।

এরপর ডিএমপি থেকে সমাবেশের ভেন্যু হিসেবে নয়াপল্টন ছাড়া বিএনপিকে রাজধানীতে আরও দুটি ভেন্যুর নামসহ সাতটি বিষয়ে জানতে চেয়ে পাল্টা চিঠি দেয় ডিএমপি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া স্বাক্ষরিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া এক চিঠিতে ওই তথ্যগুলো জানতে চাওয়া হয়। গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী শামীম ওই চিঠিটি গ্রহণ করেন।

চিঠিতে পুলিশ জানতে চেয়েছে, সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে, সমাবেশে কী পরিমাণ লোক সমাগম হবে, সমাবেশটি নয়াপল্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে, সমাবেশের বক্তব্য প্রচারের জন্য কোন স্থানে মাইক স্থাপন করা হবে, সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন কি না, সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য কাউকে নিয়োগ করা হবে কি না, হলে তার সংখ্যা কত, নিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প ২টি ভেন্যুর নাম প্রস্তাব।

এ ব্যাপারে জানতে চাইলে আজ বৃহস্পতিবার পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চিঠি দেওয়া হয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে পাল্টা শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ওই দিনই মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যদিও গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, জামায়াতে ইসলামীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দল হিসেবে ‘নিবন্ধন না থাকায়’ দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়