প্রাইম ভিশন ডেস্ক »
কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘খুফিয়া’ সিনেমা দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেটজুড়ে চলছে তার বন্দনা। আজ শনিবার অভিনেত্রীর জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৩৯ বসন্ত পার করছেন, পা রাখলেন ৪০-এ।
৪০ বছরে এসে তিনি স্বরণ করলেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা কথা। যেখানে ওঠে এসেছে সফলতা ও হতাশার গল্প। বিশেষ এই দিনে এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেন, ‘হ্যালো বিশ্ব, আজ আমার ৪০তম জন্মদিন! জীবনের চার দশকে পা রাখলাম। সবচেয়ে সুন্দর নতুন এই দশক শুরু করছি অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে। আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে! অনেক অবিচারের শিকার হয়েছি, ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে আজকের বাঁধন করে তুলেছে! জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই। জীবনের বাকি অংশ উপভোগ করতে চাই সম্মান ও শান্তি নিয়ে এবং আমি তা করব। আমি যেমন আছি, সেভাবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা।’
বিশেষ দ্রষ্টব্যে রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী লিখেন, ‘আমি নিজের উপরে বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি, নিজেকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। আমার জীবনে কিছু ভালো মানুষ আছেন যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি। আর যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ এবং অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি ও জীবনে কী করবেন; তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি।’


