প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনে কর্মজীবী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।
রোববার (২৮ অক্টোবর) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।
নতুন ব্রিজ এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে।
তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম। নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।
সিএনজি অটোরিকশা চালক খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, হরতাল হলেও আমাদের তো বের হতে হবে। গাড়ি চালিয়েই পরিবার চলে। তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি।
নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করার মতো। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালন করছেন।


