প্রাইম ভিশন ডেস্ক »
দেশব্যাপী আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ক্ষমতাসীন দল। মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাদের জেলা/মহানগর ও উপজেলা/থানা/ পৌর শাখাগুলোকে ব্যাপকভাবে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসাথে বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।


