Homeচট্টগ্রামচট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উদ্বোধন ১৪ নভেম্বর

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উদ্বোধন ১৪ নভেম্বর

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর এবার উদ্বোধন হতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগামী ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান। তিনি বলেন, ১৪ নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আপাতত বিমানবন্দর থেকে টাইগারপাস অংশ খুলে দেওয়া হবে। লালখান বাজার থেকে টাইগারপাস অংশের কাজ শেষ না হওয়ায় এটি এখনই খুলে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ সমাপ্ত করা যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে চট্টগ্রাম শহর থেকে মাত্র ২০ মিনিটে পৌঁছানো যাবে বিমানবন্দর। চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের জুনে। প্রায় সাত মাস এবং ১০ শতাংশ কাজ বাকি রেখে চালু হতে যাচ্ছে প্রকল্পটি।

গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন সকাল ৬টা থেকে টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। টানেলমুখী যানবাহনের চাপ সামলাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহায়তা করবে বলে বলছে বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত নেয় সিডিএ। ২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন পায় প্রকল্পটি। ২০১৮ সালের নভেম্বরে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রথমে তিন হাজার ২৫০ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ হয়েছিল। পরে তা বেড়ে দাঁড়ায় চার হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকায়। এছাড়া প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়