প্রাইম ভিশন ডেস্ক »
কাল বৃহস্পতিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আট বিভাগের ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ওইদিন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।
এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা ও এলাকার অবস্থানকে অধিক গুরুত্ব দেবে দলটি। সেই হিসাবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রার্থী পরিবর্তন হতে পারে এমন তথ্য দিয়েছেন দলটির সংশ্লিষ্ট নেতারা।
তাদের মতে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে এবার বেশি গুরুত্ব দেওয়া হবে নিজ নিজ এলাকায় প্রার্থীদের জনপ্রিয়তা, দলের নেতাকর্মী ও সাধারণের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়টি। পাশাপাশি করোনাকালীন দুঃসময়ের ভূমিকাও দেখা হবে গুরুত্বের সঙ্গে।
এক কথায় যাদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, মনোনয়ন পেলে জয়ী হয়ে আসতে পারবেন, এমন প্রার্থীকেই চূড়ান্ত করা হবে। নতুন প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ সমান গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক কেন্দ্রীয় নেতা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। গত শনিবার থেকে শুরু হয়ে চার দিনে ৩৩৬২টি ফরম বিক্রি হয়। বৃহস্পতিবার থেকে এসব দলীয় মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।
দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় বৈঠক শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভার প্রথম দিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। শনিবারের মধ্যে ৩০০ আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি রাখা হচ্ছে।
এদিকে মনোনয়ন বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিবর্তনের আভাস আওয়ামী লীগ সভাপতি আগে থেকেই দিয়ে আসছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে পরিবর্তন খুবই স্বাভাবিক প্রক্রিয়া, তবে এবার সেটা অন্য সময়ের চেয়ে বেশি হবে।
দলীয় প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে এবার চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘এলাকায় জনপ্রিয়তা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক, করোনাকালীন সময়ের ভূমিকা ও এলাকায় কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।’
প্রার্থিতা পরিবর্তনের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবর্তন হবে। আমার মনে হয় তিন ভাগের এক ভাগ প্রার্থী এবার পরিবর্তন হবে। যেখানে পরিবর্তন আসবে সেখানে নবীন প্রার্থীরা আসবে। নারী-পুরুষ প্রার্থীদের সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ করে যেসব এলাকায় নারীরা ভালো করছেন সেসব এলাকায় নারী প্রার্থী আসার জোর সম্ভাবনা রয়েছে।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন


