প্রাইম ভিশন ডেস্ক »
স্থগিত হতে পারে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। সবার কথা বিবেচনা করে বিষয়টি নিয়ে আলোচনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আজ শুক্রবার পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে এসব কথা বলেন।
পিএসসির ওই সদস্য বলেন, সবার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হতে পারে।
অবশ্য এর আগে নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিতে গতকাল বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি ছাড়াও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আসনবিন্যাস জানিয়ে দেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
পরীক্ষা স্থগিতের নতুন ভাবনার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো ৪ ডিসেম্বর। আর কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।


