প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন নাদিয়া কলোনির সামনে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অ্যালান পরিবহন চট্টমেট্রা-১১-১০৪ বাসটি চট্টগ্রামগামী ঈগল পরিবহনকে ওভারটেকিং করার সময় সড়কের বাম পাশে থাকা পথচারী মো: ইউসুফ (৪০) কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। মো. ইউসুফ পটিয়া ৭নং ওয়ার্ডের মালিয়ারা ইউনিয়নের গুরা মিয়ার পুত্র।
সীতাকুণ্ড
সীতাকুণ্ডে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক (৮০) বছর। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা বাজারস্থ মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ নুরুল আলম।
এ সময় ঢাকামুখী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আলম সীতাকুণ্ড একই ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে।


