Homeএই মুহুর্তেভূমিকম্প: কুমিল্লায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত প্রায় দুই শতাধিক

ভূমিকম্প: কুমিল্লায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত প্রায় দুই শতাধিক

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লায় ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই শতাধিক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন আজ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, “আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা দুই শতাধিক হবে।”

আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, “ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এদিকে ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে; গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।

এদিকে, অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, মাত্রা ছিল ৫.২।

রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়