প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী মাস থেকে চট্টগ্রাম–কক্সবাজার যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের বাণিজ্যিক বিভাগ এবং পরিবহন বিভাগ থেকে জানা গেছে, চট্টগ্রাম–কক্সবাজার আন্তঃনগর ট্রেন হবে ১৮ বগির। এতে প্রতিদিন চট্টগ্রাম থেকে ৭৮০ জন যাত্রী কক্সবাজারে যেতে পারবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনযাত্রীদের চাহিদা বেশি। সেই কারণে যে ট্রেনটি চলবে সেটি ১৬ থেকে ১৮ বগির হবে। এর নিচে হবে না। আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এসি বার্থ (ঘুমিয়ে যাওয়ার আসন) শ্রেণির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৬ টাকা। শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা। এসি চেয়ার ৩৮৬ এবং এসি সিটের জন্য ৪৬৬ টাকা।
উল্লেখ্য, ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারগামী প্রথম বাণিজ্যিক ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চালু হয়। একই তারিখ থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটেও একটি ট্রেন চালুর হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু হয়নি। ২০টি বগির কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রামের জন্য ২টি বগি রাখা হয়। এই দুটি বগিতে চট্টগ্রামের যাত্রীদের জন্য ১১৫টি আসন নির্ধারণ করে দেয়া হয়।


