প্রাইম ভিশন ডেস্ক »
ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকে নগরের কয়েকটি কেন্দ্রে সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। শীতের দিন হওয়ায় এখনো ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ জন প্রার্থী। তবে সবার দৃষ্টি আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে অন্তত ১০টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটযুদ্ধে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, কল্যাণ পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন ভোটের মাঠে।
চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন, নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন।
চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২০২৩টি এবং ভোট গ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি।


