প্রাইম ভিশন ডেস্ক »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন মাগুরা- ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাগুরা শহরের ১ নম্বর দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। সাকিবের পর একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারা বাবা মাসরুর রেজা, বোন জান্নাতুল ফেরদৌস ঋতু।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান।
এ সময় তিনি বলেন, ‘আমি আগে শুনেছি ভোট কেন্দ্রের সমস্যা হয়, ঝামেলা হয়। স্বাভাবিকভাবেই আমি চাইব, মানুষ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিক। আমি অভয় দিয়ে বলতে চাই তারা নিরাপদে ভোটকেন্দ্রে আসবে এবং শান্তিপূর্ণভাবেই তারা বাসায় ফিরে যেতে পারবে। আমি মনে করি, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কারণ এটা তাদের নাগরিক অধিকার ও দায়িত্ব।
তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য তাদের প্রার্থীকে পছন্দ করার সুযোগ পায়। তাদের সঠিক মূল্যবান ভোটটি দেবে বলে আমি আশা করি। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে হোপফুলি সবাই আসবে ভোট দিতে। এই ভোট সবাইকে উৎসাহিত করবে। আমি মনে করি ভালো টার্ন আউট হবে। বাকিটা তো আমার পক্ষে বলা মুশকিল। যেহেতু শীতের সকাল এখানে আসতে সবারই একটু সময় লাগবে। সময় যতটা যাবে আমার মনে হয় ভোটার উপস্থিতি ততোটাই বাড়বে। আমার মনে হয় যে ভালো একটা টার্ন-আউট হবে।
ভোট দেওয়ার অনুভূতি জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘নিজের জন্য ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে, কখনও তো এমনটা চিন্তা করা হয়নি। এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আশা করছি ভালো কিছুই হবে। আমার ইচ্ছা আছে প্রতিটা ভোট কেন্দ্রই ঘুরা।’
১ নম্বর দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ মজুমদার জানান, এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৮১৮টি এবং ৬টি বুথ রয়েছে। কেন্দ্রটিতে ভোটারদের জন্যে অনুকূল পরিবেশ রয়েছে। আশা করছি, এখানে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১(সদর-শ্রীপুর) নিয়ে গঠিত এ আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।হিজড়া ভোটার ২ জন। আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫২টি।ভোট কক্ষ ৮১২টি।
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাগুরা-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সাকিব আল হাসান। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তিনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি এবং বিএনএফসহ ৪ প্রার্থী।
মাগুরা-২(সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিবের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন, বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ মার্কার প্রতীক নিয়ে অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম।
মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট,পুলিশ, বিজিবি র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।’


