Homeএই মুহুর্তেপাকিস্তানে এমপি প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে এমপি প্রার্থীকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার সিদ্দিকাবাদ এলাকায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেহান জেব খানকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটেছে।

খার থানার হাউস অফিসার (এসএইচও) রাশেদ খান বলেন, রেহান জেব খান এলাকায় প্রচার করার সময় অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা তার গাড়িতে গুলি চালায়। আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে জানান তিনি।

বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ঘটনাটি ‘টার্গেটেড কিলিং’ বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, পিটিআই রেহান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে বলেছে, পিটিআইয়ের সঙ্গে সম্পৃক্ত প্রার্থীদের জনসমাবেশকে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি নির্বাচনে নিরপেক্ষতার বিষয়টিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। সিবিতে পিটিআই এর নির্বাচনী সমাবেশে হামলার পর, স্বতন্ত্র প্রার্থীকে হত্যার দায় অযোগ্য তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিশেষ করে উল্লেখিত প্রদেশে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন ভোটাররা।

সূত্র: ডন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়