প্রাইম ভিশন ডেস্ক »
রমজান ও ঈদকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, শিগগির নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাসে যেমন ভাড়া নির্ধারিত আছে। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে তাদের জন্য একটা নির্ধারিত ট্যারিফ বিভিন্ন জেলা থেকে আমরা ঠিক করে দেবো।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এসেনশিয়াল কমোডিটিতে দুটি পণ্যের মূল্য নির্ধারণের সরাসরি ক্ষমতা দেওয়া আছে। একটি হলো তেল, আরেকটি হলো চিনি। আমাদের অগ্রাধিকার তেল। তেলের দাম আমরা আগে সমন্বয় করব। পরবর্তীতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে খেজুর ও অন্যান্য পণ্যে ইন্ডিকেটিভ প্রাইস সমন্বয় করা হবে। চিনি শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে এবং কৃষি পণ্যের জন্য কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে।
রমজানের আগে বাস্তবায়ন হবে জানিয়ে তিনি বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, রোজার মধ্যে যাতে ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ ও দাম নিয়ে যাতে দ্বিধা না থাকে। আপনারা প্রত্যাশা করতে পারেন, রমজান শুরু হওয়ার অন্তত এক সপ্তাহ আগে থেকে আমরা যে শ্রম দিচ্ছি, সেটা বাস্তবায়ন হবে।
বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনি আমদানির চাহিদা দিয়েছে। এর মধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনির দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা প্রত্যাশা করছি, ভারত থেকে আমাদের পেঁয়াজ ও চিনি আসবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, উনিও একইভাবে আশ্বস্ত হয়েছেন। আমরা আশা করি, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে একটি সুখবর পাব এবং কী প্রক্রিয়ায় কত তারিখ থেকে আমদানি শুরু করব, সেটা অনুমোদন পেলেই জানাতে পারব।
রোজার আগে চাহিদার পুরো পরিমাণ পণ্য আমদানি সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিকল্প উৎসের কাছেও আমরা চেষ্টা করছি। গত বৃহস্পতিবার আমি চট্টগ্রামে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন, পণ্যের কোনো ঘাটতি নেই।
নেপাল ও মিয়ানমার থেকে কিছু পণ্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আহসানুল ইসলাম টিটু বলেন, কারসাজি বা মজুতদারি কমে এসেছে। কেউ চেষ্টা করছে বলে গণমাধ্যমের সংবাদ থেকে জানতে পারছি না। বিভিন্ন জায়গায় অভিযান চলছে। পণ্য পরিবহন ও বাজার ব্যবস্থাপনায় অনেক উন্নতি হয়েছে। আমরা আরও ভালো করতে চাই। রমজান ও ঈদকে কেন্দ্র করে ট্রাক ভাড়া যেন বেড়ে না যায়, সেটা আমরা লক্ষ্য করব। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। বাসে যেমন ভাড়া নির্ধারিত আছে। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে তাদের জন্য একটা নির্ধারিত ট্যারিফ বিভিন্ন জেলা থেকে আমরা ঠিক করে দেবো।
হটলাইন প্রসঙ্গে তিনি বলেন, কৃষি বিপণন অধিদফতর থেকে আনুষ্ঠানিকভাবে মূল্য তালিকা পেলেই আমরা ওয়েবসাইটে দেবো এবং ৩৩৩ চালু করে দেবো। আশা করছি, ১ মার্চের মধ্যে ৩৩৩ হটলাইন চালু হবে এবং কেউ দাম বেশি নিলে ভোক্তারা অভিযোগ করতে পারবেন।


