প্রাইম ভিশন ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, কারণ একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। একুশ আমাদের শিখিয়েছে কীভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায়। কারও কাছে হাত পেতে নয়, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। নিজের মাতৃভাষা, শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সবকিছুকেই রক্ষা করতে হবে।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি জাতির পিতা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে সেখানে তিনি বলেছিলেন, ‘১৯৫২ সালের আন্দোলন কেবল মাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’
তিনি বলেন, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে পারছি, ইউনেস্কোর স্কীকৃতি পেয়েছি। এখন শুধু আমরা না, মাতৃভাষার জন্য রক্তদান করে আমাদের যারা ত্যাগ করে গেছেন নিজের জীবন, মহান আত্মত্যাগ করে গেছেন। তাদের সেই মহান আত্মত্যাগের মাধ্যমে মহৎ আত্মত্যাগ করতে পেরেছি। আজকে ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বের কাছে সমাদৃত এবং সবাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকার ও পালন করে।’
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার জন্য আমরা মাতৃভাষা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। কিন্তু বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আমরা পুনরায় ক্ষমতায় এসে তা প্রতিষ্ঠা করেছি। বিশ্বের হারিয়ে যাওয়া ভাষা নিয়ে এখানে গবেষণা হচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়।
তিনি বলেন, ‘যাদের আজ পুরস্কার দেওয়া হয়েছে তাদের আমি অভিনন্দন জানাই। আমরা সমাজের উন্নয়নের জন্য কাজ করি। এখানে বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য অবদান রেখেছেন, তাদের সম্মাননা দিতে পেরে আমরা খুশি। তবে সবাইকে তো দেওয়া সম্ভব না, তাই যতটুকু পারি সেটা দেওয়া হচ্ছে। এ সময় দই বিক্রি করে স্কুল-পাঠাগার নির্মাণকারীর গল্প তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাকে আন্তরিক ধন্যবাদও জানান।’


