প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বালু বোঝাই ডাম্পট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশাচালক দগ্ধ হয়ে মারা গেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কালঘর এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাইওয়ের গাছবাড়িয়া এলাকায় পুলিশ বালুবাহী ডাম্প ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে।
ট্রাকটি গাছবাড়িয়া কালঘর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘ধাক্কা লাগার পর অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অটোরিকশাটিতে আগুন লেগে যায়। এতে চালক দগ্ধ হয়ে তার আসনেই মারা যান।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিল না।
পুলিশ ডাম্প ট্রাকটিকে আটক করেছে। কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।


