Tuesday, June 30, 2026
spot_img
Homeখেলাধুলাবাংলাদেশের লজ্জাজনক পরাজয়

বাংলাদেশের লজ্জাজনক পরাজয়

প্রাইম ভিশন ডেস্ক »

চতুর্থ দিন শেষে জয়ের সুবাস নিয়েই মাঠ ছেড়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ স্বীকৃত শেষ ব্যাটার মেহেদি হাসান মিরাজ প্রতিরোধ গড়ে অপেক্ষা বাড়িয়েছেন সফরকারীদের। অবশেষে সে অপেক্ষা ফুরিয়েছে। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে ১৯২ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। লাল বলের সিরিজে তাতে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর দল। এর আগে সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টেস্টে বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ৩১৮ রানে থামে স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন।

আজ শেষ দিনে ফিফটি তুলে নেন মিরাজ। মিরাজের ফিফটি তুলে নেওয়ার ওভারেই বিদায় নেন তাইজুল। কামিন্দু মেন্ডিসের বলে নিশান মাদুস্কার হাতে ধরা পড়ার আগে ১৪ রান করেন তিনি। শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদ ফিরে গেলে অলআউট হয় বাংলাদেশ। ৮১ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৫০ রান করেন মমিনুল হক। ৩৮ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। সাকিব আল হাসান করেন ৩৬ রান। কামিন্দু নেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৫৩১ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেঞ্চুরিছোঁয়া ইনিংস খেলেন কুশল মেন্ডিস ও কামিন্দু। দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৯৩ ও ৯২ রান। ৮৬ রান করেন দিমুথ করুণারত্নে আর ৭০ রান করেন ডি সিলভা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সাকিব। হাসান মাহমুদের পকেটে যায় ২ উইকেট।

প্রথম ইনিংসের জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার জাকির হাসান। ৩৩ রান করেন মমিনুল। ৪ উইকেট নেন আসিথা ফার্নান্দো। ৩৫৩ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅন করায়নি শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাথিউস। ৪ উইকেট নেন হাসান।

ম্যাচ ও সিরিজ সেরা দুটি পুরস্কারই পেয়েছেন কামিন্দু মেন্ডিস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়