Homeচট্টগ্রামচট্টগ্রামের সড়কে নামছে এসি বাস, শিক্ষার্থীরা পাবেন বিশেষ ছাড়

চট্টগ্রামের সড়কে নামছে এসি বাস, শিক্ষার্থীরা পাবেন বিশেষ ছাড়

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘ আট বছর পর চট্টগ্রামের সড়কে আবারো চালু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। আগামী জুন থেকে সার্ভিসটি চালুর কথা রয়েছে। প্রথম ধাপে নামবে ২০টি বাস। স্থানীয় পরিবহন সংস্থা শান্তি এক্সপ্রেস লিমিটেডের উদ্যোগে ‘চট্টলা চাকা’ নামে পরিচালিত হবে সার্ভিসটি। এরই মধ্যে বাস চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি।

জানা গেছে, ৩৮ আসনের বাসগুলো নগরের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ১৪ নম্বর রুটে নিয়মিত যাতায়াত করবে। সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ভাড়া। তবে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। এ সার্ভিসের মাধ্যমে যাত্রীরা উন্নত সেবা পাবেন বলে বলছেন সংশ্লিষ্টরা।

এর আগে, ২০১৬ সালে নগরের ১৪ নম্বর রুটে ছয়টি পরিবহন নিয়ে এসি বাস সার্ভিস চালু করেছিল প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড নামের একটি কোম্পানি। সার্ভিসটি স্থায়ী হয়নি। ২০১৯ সালে নগরের তিনটি রুটে এসি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ব্যাপারে চসিকের ৫২তম সাধারণ সভায় সিদ্ধান্তও নেয়া হয়েছিল। প্রথম দিকে তিনটি রুটে ১০০টি বাস নামানোর পরিকল্পনা নেয়া হয়। এরমধ্যে কালুরঘাট থেকে পতেঙ্গা, ভাটিয়ারী থেকে লালদীঘি এবং নিউমার্কেট থেকে ফতেয়াবাদ রুটে নামানোর কথা ছিল। যদিও পরে সেই উদ্যোগ সফল হয়নি।

২০১৬ সালের পর এবার সফলভাবে এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে শান্তি এক্সপ্রেস লিমিটেড। এরই মধ্যে অনুমোদনও পেয়েছে তারা।

শান্তি এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী জুন থেকে বাস চলাচল শুরু হবে। ২০টির অনুমোদন পেয়েছি। রোজার ঈদের পর নামানোর কথা থাকলেও ডলার সংকটের কারণে বাসগুলোর চেসিস ভারত থেকে আমদানি করা সম্ভব হয়নি। এখন জুনের শেষদিকে নামাতে পারবো বলে আশা করছি।

তিনি বলেন, এরই মধ্যে ১০টি প্রস্তুত হয়েছে। চেসিস ভারতীয় কোম্পানি টাটা মোটরসের হলেও বডিগুলো ঢাকায় প্রস্তুত করা হচ্ছে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রতিটি বাসে আসন থাকবে ৩৮টি। শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় থাকবে, অর্থাৎ নির্ধারিত ভাড়ার অর্ধেক দেবেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা বলেন, চট্টগ্রামের সড়কে বর্তমানে কোনো এসি বাস নেই। এসি বাস চালু হলে গরমের মধ্যে যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবেন। এটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়সহ ভাড়া ২০ থেকে সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রীসেবার মানোন্নয়নের জন্য কাউন্টারভিত্তিক পরিষেবা চালু করতে উৎসাহিত করে আসছি আমরা।

বিআরটিএর তথ্য বলছে, চট্টগ্রাম নগরে বাসের জন্য ১৭টি, হিউম্যান হলারের জন্য ১৮টি ও অটোটেম্পোর জন্য ২০টি রুট রয়েছে। এরমধ্যে নির্ধারিত রুটগুলো দিয়ে প্রতিদিন এক হাজার ২০০ এর বেশি বাস চলাচল করে। দুই হাজারের বেশি হিউম্যান হলার এবং অটোটেম্পো চলাচল করে। তবে কত সংখ্যক গণপরিবহন রয়েছে এবং কত যাত্রী এগুলো ব্যবহার করেন, তার তথ্য নেই বিআরটিএর কাছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়