প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত দুই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
যে দুই মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে, তাঁরা হলেন সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. রিদুয়ান (৪৫) ও মো. শাহেদ (১৮)। মৃত অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রিয়াজউদ্দিন বাজারে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক আজ শুক্রবার সকালে বলেন, বাজারের চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে আগুন লাগে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
নুরুল আলম বলেন, কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ডের সময় পাঁচতলার একটি বাসা থেকে হতাহত ব্যক্তিরা বের হতে পারেননি। ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অচেতন হয়ে পড়েন তাঁরা। এ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।


