প্রাইম ভিশন ডেস্ক »
আগামী ডিসেম্বরেই নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবির।
শনিবার দুপুরে নগরীর সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজন সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা আশা করছি, সব প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইতোমধ্যে কালুরঘাট সেতু নির্মাণে কোরিয়ার সঙ্গে ঋণচুক্তি সম্পন্ন হয়েছে।
জুলাইয়ে এই প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে এবং দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে আগামী ডিসেম্বরে সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রেল সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন হলে পুরনো কালুরঘাট সেতুর ৭০ মিটার উজানে নতুন সেতুটি নির্মাণ করা হবে। ১২ দশমিক ২ মিটার উচ্চতার মূল সেতুর দৈর্ঘ্য হবে ৭০০ মিটার। প্রস্থ হবে ৭০ ফুট। এর মধ্যে ৫০ ফুটে হবে ডাবল গেজ ও মিটারগেজ ডাবল ট্র্যাক। ২০ ফুটের মধ্যে দুই লেনের সড়কপথ তৈরি করা হবে।


